- নিজস্ব
প্রতিবেদক
চট্টগ্রামের
সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আজ সোমবার (১৯
জানুয়ারি) সন্ধ্যায় সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে র্যাব-৭-এ কর্মরত
ডিএডি মো. মোতালেব নামের
এক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত
মোতালেব মূলত বর্ডার গার্ড
বাংলাদেশের (বিজিবি) সদস্য ছিলেন এবং প্রেষণে র্যাবে
নিয়োজিত ছিলেন। অভিযানে সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে আরও কয়েকজন র্যাব
সদস্য আহত হয়েছেন বলে
জানা গেছে। উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো.
সিরাজুল ইসলাম বলেন, “র্যাব সদস্যরা
ওই এলাকায় অভিযানে যান। এসময় সন্ত্রাসীদের
গুলিতে কয়েকজন র্যাব সদস্য
আহত হন। তাদের মধ্যে
একজন নিহত হয়েছেন। সন্ত্রাসীদের
গ্রেপ্তারে পুলিশ, র্যাব ও
সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে।
পরে বিস্তারিত জানানো হবে।”
দীর্ঘ
চার দশক ধরে জঙ্গল
সলিমপুর এলাকাটি পাহাড় কেটে অবৈধ বসতি
স্থাপন ও দুর্ধর্ষ সশস্ত্র
সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় দখলদারিত্ব ও প্লট বাণিজ্য
টিকিয়ে রাখতে সেখানে একটি শক্তিশালী বাহিনী
গড়ে উঠেছে, যারা নিজস্ব পরিচয়পত্র
ব্যবস্থার মাধ্যমে পুরো এলাকা নিয়ন্ত্রণ
করে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের কর্মকর্তাদের
প্রবেশের ক্ষেত্রেও সেখানে প্রায়ই সংঘবদ্ধ সশস্ত্র বাধার সৃষ্টি করা হয়। এই
অপরাধ সাম্রাজ্যের নেপথ্যে ‘আলীনগর বহুমুখী সমিতি’ ও ‘মহানগর ছিন্নমূল
বস্তিবাসী সংগ্রাম পরিষদ’ নামক দুটি প্রভাবশালী
সংগঠনের সক্রিয় ভূমিকা রয়েছে বলে জানা গেছে।
ইয়াসিন মিয়া, কাজী মশিউর ও
গাজী সাদেকের মতো ব্যক্তিদের নিয়ন্ত্রণে
থাকা এই বিশাল বাহিনী
দীর্ঘদিন ধরে প্রশাসনের প্রতিটি
পদক্ষেপে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে আসছে।
বর্তমানে ঘাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে
ওই এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে
ব্যাপক তল্লাশি ও যৌথ অভিযান
অব্যাহত রয়েছে।